 |
সুইডেন থেকে: বাংলাদেশি বংশোদ্ভুত সুইডিশ রাজনীতিবিদ মহিবুল ইজদানী খান ডাবলু সুইডিশ পোস্টাল ট্রেড ইউনিয়ন স্টকহোম অর্সটা শাখার সভাপতি হিসেবে পুনবায় নির্বাচিত হয়েছেন।
সুইডেনের রাজধানী স্টকহোমে এবিএফ মিলনায়তনে সুইডিশ পোস্টাল ট্রেড ইউনিয়ন স্টকহোমে অর্সটা ব্রাঞ্চের বার্ষিক সন্মেলন ভোটে তিনি নির্বাচিত হন।
সন্মেলনে নির্বাচন কমিশনের প্রধান সেত স্টুয়ার্ট সভাপতি হিসেবে মহিবুল ইজদানী খান ডাবলুর নাম প্রস্তাব করলে ওই সময় ইভা ব্রাত্সট্রম লেইফ স্কুগের নাম প্রস্তাব করেন। এর আগে পিয়া সেত্তারবারী নামের আরেকজন প্রতিদ্বন্ধির নাম সভাপতি হিসেবে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব করা হয়েছিল।
কিন্তু লেইফ স্কুগের নাম প্রস্তাব করলে তার সমর্থনে পিয়া সেত্তারবারী নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
প্রত্যক্ষ ভোটে ডাবলু ৬৯ ভোট পেয়ে চতুর্থবারের মতো দুই বছরের জন্য ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। স্কুগ পান ৪১ ভোট।
একই কমিটিতে লেইফ স্কুগ ও আনিতা সেগান্দার কার্যকারী পরিষদে দুই বছরের জন্য সদস্য নির্বাচিত হন এবং ইভা ব্রাত্সট্রম এক বছরের জন্য সদস্য নির্বাচিত হন।
নির্বাচনে ভোটাররা ডাবলুর ট্রেড ইউনিয়ন সংক্রান্ত বিভিন্ন কার্যকলাপের প্রশংসা করেন।
সন্মেলনে সভাপতিত্ব করেন সুইডিশ ট্রেড ইউনিয়ন সেকো স্টকহোমের সাংগঠনিক সম্পাদক জন নাদেরুস ও সভার সেক্রেটারির দায়িত্ব পালন করেন মনিকা লিন্ডবারী।
উল্লেখ্য, মহিবুল ইজদানী খান ডাবলু দীর্ঘদিন থেকে সুইডিশ ট্রেড ইউনিয়ন রাজনীতির সঙ্গে জড়িত এবং সুইডিশ লেফট পার্টির (ভেনসটার পার্টি) একজন সক্রিয় সদস্য।
এর আগে তিনি স্টক হলম সিটি কাউন্সিল ও স্টকহলম ডিস্ট্রিক কাউন্সিলে একজন নির্বাচিত কাউন্সিলার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১০ সুইডেনের জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বাংলাদেশে অবস্থানকালে ডাবলু বাংলাদেশে ঢাকা মহানগর ছাত্র লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com