সাতক্ষীরা: সাতক্ষীরার ৫ উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার রাত ১০টায় পৃথকভাবে উপজেলাগুলোতে মাইকিং করে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র জানায়, গত শুক্রবার থেকে ভয়াবহ পরিস্থিতি এড়াতে সাতক্ষীরা পৌর এলাকা, আশাশুনি উপজেলা, কালিগঞ্জ উপজেলা, দেবহাটা উপজেলা ও কলারোয়া উপজেলায় বিভিন্ন সময়ে ১৪৪ ধারা জারি করা হয়। এসময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে জানানো হয়।
সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হরতাল শেষ হওয়ার কারণে সব উপজেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।”
উল্লেখ্য, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই সাতক্ষীরায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ, বোমা হামলা ও জামায়াত-শিবিরের হামলায় মঙ্গলবার পর্যন্ত কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
একই সময়ের মধ্যে জেলায় অন্তত শতাধিক বাড়ি-ঘর, ব্যবসা-প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাচুরের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর