বগুড়া: জামায়েত-শিবিরের ডাকা সোমবারের হরতালের সমর্থনে বগুড়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিবির কর্মীরা। এ সময় চার- পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের ইয়াকুব স্কুল মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, হঠাৎ শিবিরের একটি মিছিল এসে বগুড়া-শেরপুর প্রধান সড়কের ইয়াকুব স্কুল মোড়ে কয়েকটি টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ঘটনাস্থলসহ পুরো সাতমাথা জুড়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ সদস্যরা একজোট হয়ে ৮/৯ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে শিবিরের বিক্ষোভকে ছত্রভঙ্গ করে দেয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ হোসেন বাংলানিউজকে জানান, শিবিরকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করলে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি করে বিক্ষোভটি ছত্রভঙ্গ করে দেয়।
তাছাড়া শিবিরকর্মীরা অনাকাঙ্ক্ষিত কিছু করার চিন্তা করে থাকলেও পুলিশি তৎপরতার কারণে শেষ পর্যন্ত তা আর বেশিদূর এগুতে পারেনি বলে জানান ওসি।
এর আগে দুপুর আড়াইটার দিকে হরতালের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে শহরের বাণিজ্যিক এলাকা বড়গোলা থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি দত্ত্ববাড়ী মোড়ে গিয়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবিদুর রহমান, শহর সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েল, শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
টি. এম. মামুন /সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর