 |
ঢাকা: ঋণ কেলেঙ্কারির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম জামিন পাওয়ার ঘটনায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হককে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ১৮ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হয়ে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখা দিতে হবে।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
এর আগে গত সোমবার হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম যেন দেশত্যাগ না করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট।
এছাড়া ওইদিন ১১ মামলায় জামিন পাওয়া জেসমিন ইসলামের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
এক সপ্তাহের মধ্যে ঢাকা জেলা প্রশাসক, ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক, সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জেসমিনের ১১ মামলার জামিনের নথিপত্রও তলব করেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৮ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আদালত।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ড. মো. ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
দেশের ইতিহাসে বৃহত্তম ঋণ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের ২ হাজার ৬শ’ কোটি টাকা ঋণ ৭ দিনের মধ্যে ফেরত দিতে হলমার্ক চেয়ারম্যান জেসমিন ইসলামের প্রতি নির্দেশনা চেয়ে রোববার হাইকোর্টে আবেদন করা হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ১১ দুর্নীতি মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক।
গত বছর ১৭ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টায় মানিকগঞ্জ সার্কিট হাউজের পেছনে বেওথা রোডের ১০ নম্বর বাসা থেকে তাকে আটক করে ৠাব।
এরপর তাকে ১১ মামলার মধ্যে রমনা ০৮(১০)১২ ও ৯(১০)১২, ১০(১০)১২ নম্বর মামলায় কয়েক দফায় ১৩ দিনের রিমান্ডে নেয় দুদক।
উল্লেখ্য, বহুল আলোচিত হলর্মাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত বছরের ৪ অক্টোবর সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে মোট ২হাজার ৬শ’ ৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে হলর্মাক গ্রুপের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে দুদক।
আসামিদের মধ্যে হলমার্কের ৭ জন ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন।
জেসমিন ইসলামের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
এমইএস/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জেডএম; eic@banglanews24.com;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর