 |
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র প্রথম আসরের নিলামে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে যখন কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখাচ্ছিল না তখন তাঁর পাশে দাঁড়িয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। চোট থেকে ফেরা নড়াইল এক্সপ্রেসের কাঁধে নেতৃত্বও তুলে দিয়েছিল দলটি। মাশরাফিও আস্থার প্রতিদান দিয়েছেন শিরোপা জিতে। এবারও অধিনায়ক নির্বাচিত হওয়ায় নড়াইল এক্সপ্রেস কৃতজ্ঞতা প্রকাশ করলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের ম্যানেজমেন্টের কাছে। সোমবার গ্ল্যাডিয়েটরসের দল পরিচিতি অনুষ্ঠান শেষে মাশরাফির সাক্ষাৎকারের চুম্বক অংশটুকু তুলে ধরা হলো।
প্রশ্ন: চ্যাম্পিয়ন দলকে নেতৃত্ব দেওয়া চ্যালেঞ্জিং কী না?
মাশরাফি: আমি বলবো প্রথম বছরটা আরও কঠিন ছিল আমার জন্য। চোট থেকে ফেরার পরই খেলা ছিল এবং অধিনায়কত্বও করতে হয়েছে। মনে হয় না এ বছর অতটা কঠিন হবে। সাহস আছে এই জন্য যে, অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, সাকিবের কথা না বললেই নয়। আশরাফুল গতবারও ছিল, অনেক সহযোগিতা করেছে সে। সাকিব এবং আশরাফুলের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকায় আমার মনে হয় কাজটা সহজ হয়ে যাবে।
প্রশ্ন: সতীর্থ খেলোয়াড়দের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ?
মাশরাফি: সবাই পেশাদার ক্রিকেটার। সবাই সবার ভূমিকাটা জানে এবং বোঝে। তারপরেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার অনুরোধ থাকবে। এ ধরনের টুর্নামেন্টে নির্দিষ্ট পরিস্থিতিতে একজন খেলোয়াড় কেমন খেলে সেটা গুরুত্বপূর্ণ। সুতরাং যার যেটা ভূমিকা আছে সে অনুযায়ী খেলতে পারাটাই গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: এবারের না আগের দলটি ভালো ছিল এবং প্রতিপক্ষ হিসেবে কোন দলকে হুমকি মনে করেন?
মাশরাফি: আগেরবারও অনেক ভালো দল ছিলাম আমরা। শহীদ আফ্রিদি এবং সাঈদ আজমল তাদের আন্তর্জাতিক খেলা শেষ করে আমাদের সঙ্গে যোগ দেওয়ায় সেমিফাইনাল থেকে খুব ভালো দল হয়ে গিয়েছিলাম আমরা। টার্নিং উইকেটে তাদের মতো বিশ্বমানের দুজন বোলার পাওয়াতে সুবিধা হয়েছে। যদিও পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। আমাদের এ বছরের দলটাও ভালো। শুরু থেকে ভারসাম্য রেখে খেলতে পারবো। আর প্রত্যেকটা দলের বিপক্ষে খেলাই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে বলা যায় না কখন কে ভালো খেলবে। আমাদের খেলায় দেখা যাবে প্রতিপক্ষের দুজন খেলোয়াড় ভালো খেলে ফেলেছে। তখন আমাদের জন্য কাজটি কঠিন হয়ে যাবে। কিন্তু আমরা যদি ঠিক মতো পারফরমেন্স করতে পারি তাহলে কাজটি সহজ হবে। যদিও এই মুহূর্তে কোনো দল সম্পর্কে মন্তব্য করতে চাই না। কারণ খেলাটা টি-টোয়েন্টি।
প্রশ্ন: খুলনা দলটাকে কী মিস করেন?
মাশরাফি: একদমই না ওভাবে বলতে যাচ্ছি না। তবে আগেরবার যখন ইনজুরি থেকে উঠেছিলাম তখন কিন্তু আমাকে কেউ নেয়নি। এখনও মনে আছে যখন নিলাম হয় তখন ঢাকা দলই একমাত্র আমাকে ডেকেছিল। এবং আমাকে সম্মান দিয়েছিল অধিনায়ক করে। উনাদের ওপর আমার শতভাগ সম্মান আছে এবং থাকবে। আমি আমার সামর্থ্য দিয়ে উনাদের দলের জন্য খেলার চেষ্টা করেছি এবং এবারও করবো। পেশাদার ক্রিকেটার হিসেবে অন্যদলে গেলে একইভাবে খেলতাম। খুলনা দলের কথা আমি আলাদা করে বলবো না। যেহেতু ঢাকা আমাকে নিয়েছে এবং সর্বোচ্চ সম্মান দিয়েছে, আমিও চেষ্টা করবো সেরাটা খেলার।
প্রশ্ন: বিপিএল টি-টোয়েন্টি থেকে ক্রিকেটাররা কীভাবে উপকৃত হতে পারে?
মাশরাফি: ক্রিকেট বোর্ড থেকে এখন যে ক্রিকেট চালাচ্ছে সেটা যদি ঠিক মতো হয় আমার মনে হয় না টেস্ট ক্রিকেটে আমরা খারাপ খেলবো। পাশাপাশি বিপিএল খেললে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটের জন্য ভালো হবে। এখন তো প্রতিটি আন্তর্জাতিক সিরিজের শেষে একটা টি-টোয়েন্টি ম্যাচ থাকে। এই টি-টোয়েন্টির জন্যই আগের চেয়ে ওয়ানডেতেও আমরা অনেক ভালো দল। এটা শুধু আমি না প্রত্যেক খেলোয়াড়ই বিশ্বাস করে। আমাদের যে সামর্থ্যটা আছে আন্তর্জাতিক ম্যাচে সে অনুযায়ী খেলার সাহস পাইনা। কিন্তু এই ধরনের টুর্নামেন্ট খেললে নিজের প্রতি একটা বিশ্বাস তৈরি হয়। আমি মনে করি টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে বিপিএলের অনেক প্রভাব থাকবে। আসলে বিপিএল আমাদের ক্রিকেটের জন্য ভালো দিক।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৩
এসএ/এফএইচএম