 |
ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সকল কর্মকর্তা, কর্মচারী এবং তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের শেয়ার ব্যবসা সংক্রান্ত এবং ব্যক্তিগত তথ্য চেয়েছে সংস্থাটি।
আগামী সাত কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তথ্য কমিশনের প্রশাসন শাখায় দাখিল করতে বলা হয়েছে।
গত ৩ মার্চ এ বিষয়ে সব কর্মকর্তা ও কর্মচারীর উদ্দেশ্যে বিএসইসি’র সহকারী পরিচালক শাহানা পারভীন স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়।
এ বিষয়ে বিএসইসি’র মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেন, এটি একটি রুটিন ওয়ার্ক। এ ধরনের তথ্য কমিশনের পক্ষ থেকে আগেও চাওয়া হয়েছে। এর সঙ্গে বাজারের কোন সম্পর্ক নেই।
চিঠিতে বলা হয়, বিএসইসি’র সার্ভিলেন্স সিস্টেম সফটওয়্যারে ‘তাৎক্ষনিক পর্যবেক্ষণ’ (Instant Watch) সংক্রান্ত তথ্যের জন্য সব কর্মকর্তা, কর্মচারী এবং তাদের নির্ভরশীল পরিবারের অন্যান্য সদস্যদের নাম, তাদের সম্পর্ক, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং শেয়ার ব্যবসার বেনিফিশারি ওনার্স (বিও) আইডি নম্বর চাওয়া হয়।
চিঠিতে এসব তথ্য দাখিলের জন্য নির্ধারিত ছকও দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে বিএসইসি’র একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, পুঁজিবাজার ধসের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদনে বিএসইসি’র এক নির্বাহী পরিচালকের বিরুদ্ধে দপ্তরাদেশ ও নির্দেশনা লঙ্ঘণের অভিযোগ পাওয়া যায়।
এ ধরণের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তাই বিএসইসি’র সার্ভিলেন্স সিস্টেম সফটওয়্যারে ‘তাৎক্ষনিক পর্যবেক্ষন’ সংক্রান্ত ডাটা এন্ট্রির জন্য সব কর্মকর্তা, কর্মচারী এবং তাদের নির্ভরশীল পরিবারের অন্যান্য সদস্যদের শেয়ার ব্যবসার তথ্যসহ অন্যান্য তথ্য চাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/আরআই