চট্রগ্রাম: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবলীগের দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষে সাবের আহম্মেদ (৩৫) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।
বুধবার রাত ১০টায় রাউজান উপজেলার পশ্চিম গুজরা রগুনন্দা চৌধুরী হাট এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান শাহবুদ্দিনের বাড়ি সংলগ্ন এলাকায় রাতে স্থানীয় যুবলীগের দু’পক্ষ প্রথমে মুখোমুখি অবস্থান নেয়। পরে এক পর্যায়ে আধিপত্য বিস্তারের লক্ষ্যে দু’পক্ষ গোলাগুলি শুরু করে।
এতে ঘটনাস্থলেই মগদাই গ্রামের মনির আহম্মেদের ছেলে সাবের নিহত হন।
এই ঘটনায় যুবলীগ কর্মী দিদারুল আলমসহ ৩/৪ জন আহত হয়। তাদের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে পশ্চিম গুজরা রগুনন্দা চৌধুরী হাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ব্যাপারে রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাসিন বাংলানিউজকে জানান, সংবাদ পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে এখনো কাউকে আটক করা সম্ভাব হয়নি।
বর্তমানে সেখানে পর্যপ্ত পরিমাণে পুলিশ মোতায়ন আছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জুন ১৪, ২০১২
আইএম/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর