 |
৬ জানুয়ারি থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে এক ঘণ্টা দৈর্ঘ্যের ধারাবাহিক নাটক ‘রেড সিগন্যাল’। এ উপলক্ষে ৫ জানুয়ারি বেলা ১২টায় বাংলাভিশনের নিজস্ব কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাভিশনের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক, অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ, রেড সিগন্যাল নাটকের অভিনয়শিল্পী মোশাররফ করিম ও নিপুন এবং নাটকের পরিচালক মাসুদ সেজান, বাংলাভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক দেওয়ান শামসুর রকিব, তারেক আখন্দ।
মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ‘রেড সিগন্যাল’ বাংলাভিশনে প্রচার হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৯টা ৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, মোশাররফ করিম, নিপুন, মারজুক রাসেল, আখম হাসান, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী, তারিক স্বপন, আইরিন তানি, সাজ্জাদ রেজা, অশোক বেপারী, ইকবাল বাবু, মিলন ভট্ট, সমাপ্তি মাসুক, রোবেনা রেজা জুঁই, সফিক খান দিলু প্রমূখ।
‘রেড সিগন্যাল’ প্রসঙ্গে নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান বলেন, ‘আমার অন্যান্য নাটকের মতই এতে হিউমার থাকবে, স্যাটায়ার থাকবে, সর্বোপরি জীবনবোধের অনুসঙ্গ হিসেবে চারপাশের চেনা মানুষ, চেনা সংকট আর অচেনা সম্ভাবনার এই নাটকটি দর্শকের ভালো লাগবে।’
বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বললেন, ‘লংমার্চ সফল হওয়ার পরে সবার একটা চাহিদা ছিল নাটকটি বড় হবে। কিন্তু গল্পের কারণে শেষ করতে হল। সেই একই আঙ্গিকে নাটক ‘রেড সিগন্যাল’। আশা করি, এটাও দর্শকের ভালো লাগবে।’
অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘আমি লংমার্চে অভিনয় করেছিলাম। এই নাটকেও অভিনয় করছি। এই দুই নাটকেই অভিনয়ের সূত্রে এইটুকু বলতে পারি ‘রেড সিগন্যাল’ লংমার্চের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।’
অভিনেত্রী নিপুন বলেন, ‘রেড সিগন্যাল আমার প্রথম ধারাবাহিক নাটক। সেজান ভাইয়ের সাথে গত দুই ঈদের দুটি কাজ করে আমার খুবই ভালো লেগেছে। আরও একটি ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্যই রেড সিগন্যালে অভিনয় করছি। আশা করছি, দর্শক নাটকটি উপভোগ করবেন।’
বাংলাদেশ সময় : ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ৫ , ২০১৩
জিআর