৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:৫৮ পিএম BDST banglanew24
05 Jul 2012   02:56:10 PM   Thursday BdST
E-mail this

স্বপ্নবাজ পাঁচ তরুণের বিশ্বজয়


শেরিফ আল সায়ার
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্বপ্নবাজ পাঁচ তরুণের বিশ্বজয়

ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের ক্রাউডসোর্সিং মার্কেটপ্লেস বলা হয় ফ্রিল্যান্সার ডট কমকে। সম্প্রতি ফ্রিল্যান্সার আয়োজিত ‘কনটেন্ট ডেভেলপমেন্ট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’ প্রতিযোগিতায় বিশ্বসেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজার এবং কনটেন্ট ডেভেলপার হিসাবে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে বাংলাদেশের ডেভসটিম। এ প্রাপ্তির পেছনে রয়েছে স্বপ্নবাজ পাঁচ তরুণের বিশ্বজয়ের স্বপ্ন।

ডেভসটিম ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি এবং ইন্টারনেট মার্কেটিং সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।  তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশকে নতুন করে পরিচিত করে তুলল ডেভসটিমের সদস্যরা। বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায়  স্বপ্নবাজ তরুণেরা বলেছে তাদের স্বপ্নজয়ের কথা।

আলাপচারিতার প্রথমেই ডেভসটিমের প্রধান নির্বাহী কর্মকর্তা আল-আমিন কবির বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে প্রযুক্তিভিত্তিক ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজে।

বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তথ্যপ্রযুক্তিতে আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার নিয়ে আসছে বাংলাদেশের তরুণ ফ্রিল্যান্সারা। এই প্রেরণা থেকেই আমরা উৎসাহ পেয়েছি কাজ করার। যার ফলে বিশ্বের শীর্ষ কনটেন্ট রাইটার ও এসইও অপটিমাইজার প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের ডেভসটিম।

কিভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন এ সম্পর্কে বাংলানিউজের পক্ষ থেকে জানতে চাওয়া হয় ডেভসটিমের প্রধান বিপণন কর্মকর্তা তাহের চৌধুরী সুমনের কাছে। তিনি বলেন,  যারা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে চান বা করছেন তাদের সুবিধার জন্যে একটি ব্লগসাইট তৈরির কথা ভাবতে থাকি। এজন্য জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকমের অনুসারে ফ্রিল্যান্সার কেয়ার ডট কম নামে একটি ডোমেইন কিনে রাখি আমরা।

তিনি আরো জানান, সময়ের অভাবে ডোমেইনটাকে ব্যবহার করা হয়নি। এবছরের ৪ মে আমি এবং আল-আমিন কবির, মাসুদুর রশিদ, ইউনুস হোসেন ও নাসির উদ্দিন শামিম মিলে ডেভসটিম নামে ‘ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি এবং ইন্টারনেট মার্কেটিং সেবাদাতা’ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করি। সবাই মিলে আমরা প্রথমদিন থেকে বিভিন্ন বিষয়ে কাজ করতে থাকি।  

গতমাসে ফ্রিল্যান্সার ডটকম ‘কনটেন্ট ডেভেলপমেন্ট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’ শীর্ষক একটি প্রতিযোগিতা আয়োজন করে। ফ্রিল্যান্সার ডটকমের দেওয়া নির্দিষ্ট বিষয়ে কনটেন্ট লিখে সেটি সার্চ ইঞ্জিনের প্রথমে নিয়ে আসা ছিলো প্রতিযোগিতার মূল বিষয়। যেখানে বিজয়ীদের জন্য ১৫ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করা হয়।

এছাড়াও ফ্রিল্যান্সার কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়া কিছু বিষয়ে কনটেন্ট ডেভেলপ করা এবং উক্ত কিওয়ার্ডে গুগল সার্চের শীর্ষে নিয়ে আসার একটি প্রতিযোগিতা ছিলো এটি।

এসব বিষয়ের মধ্যে ছিলো- কিভাবে ফ্রিল্যান্সারদের ব্যবহার করে একটি ব্যবসা শুরু করা যায়, কিভাবে একজন ফ্রিল্যান্সার হিসেবে  অন্যান্য পেশার থেকে তুলনামূলকভাবে বেশি আয় করা যায়, কিভাবে অনলাইন মার্কেটপ্লেসে নিজের প্রথম কাজটি পাওয়া যায়, কিভাবে সফলভাবে আউটসোর্স করানো যায়, আউটসোর্সিং করানোর ক্ষেত্রে কোন কোন বিষয়টি মাথায় রাখতে হবে।

বিষয়টি আমাদের সকলের নজরে আসে। তাই আমাদের কেনা সেই ডোমেইনটির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি। সবাই মিলে শুরু হয় স্বপ্ন বাস্তবায়নের কাজ। সবাই ভাবতে থাকি যদি এখানে জয়ী হয়ে যায় তবে বাংলাদেশের জন্য এটি হবে নতুন প্রাপ্তি।

টানা এক মাস চলে এ প্রতিযোগিতা।  অষ্ট্রেলিয়া, ভারত এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট মার্কেটার এবং কনটেন্ট ডেভেলপার দল অংশ নেয় এ প্রতিযোগিতায়। প্রায় দেড় হাজার প্রকল্প জমা পড়ে।

সবগুলো প্রকল্প পর্যালোচনা করে বিশ্লেষণের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। বিশ্বের বাঘা বাঘা সার্চ ইঞ্জিন অপটিমাইজারদের পেছনে ফেলে পুরস্কার জিতে নেয় আমাদের ফ্রিল্যান্সার কেয়ার ডটকম।

এই বিজয়ের পেছনে রয়েছে পাঁচ তরুণের বিশ্বজয়ের স্বপ্ন ও পরিকল্পনা অনুযায়ী অক্লান্ত পরিশ্রম, বলছিলেন ডেভসটিমের প্রধান জনসংযোগ কর্মকর্তা নাসির উদ্দিন শামিম।

তিনি বলেন, অন্যান্য সাইটগুলোর সঙ্গে পাল্লা দিয়ে সবচেয়ে ভালোমানের কনটেন্ট লেখা হয়েছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিয়ে সাইটের বিভিন্ন কনটেন্টের প্রচারণা চালানো হয়েছে। কনটেন্টের মান ভালো হওয়ায় নিয়মিত ভিজিটর এসেছে সাইটটিতে।

সেই হিসেবে মাত্র ১ মাসে সাইটের অ্যালেক্সা র‌্যাংকিং ২ লাখের নিচে চলে এসেছে এবং বাংলাদেশে সাইটটির অবস্থান বর্তমানে ২৯৭।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী হিসেবে পাকিস্তানের দল এনলাইটেন টেকনো পাচ্ছে ৩ হাজার ডলার। তৃতীয় স্থান অধিকারী অস্ট্রেলিয়ার দল অ্যাটোমিক অ্যাপস পাচ্ছে ২ হাজার ডলার। এছাড়া বিশেষ পুরস্কার হিসেবে আরো ১০টি দলকে ১০০ ডলার করে দেওয়া হচ্ছে।

ডেভসটিমের এ বিজয় শুধু আমাদের নয়, এটা বাংলাদেশের বিজয় বলে জানায় ডেভসটিমের প্রতিটি সদস্য। প্রতিযোগিতায় ডেভসটিমের বিজয় সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান কারিগরি কর্মকর্তা ইউনুস হোসেন বলেন, এ অর্জন কেবল আমাদের না, এ বিজয় আমাদের তরুণ ফ্রিল্যান্সারদের।

ভবিষ্যতে ডেভসটিমের লক্ষ্য সম্পর্কে তারা জানান, ভার্চুয়াল জগতে দেশের পক্ষে প্রতিনিধিত্ব করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি আমরা। আগামীতে বিশ্বের বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে বাংলাদেশে আনা ও তাদের দেশিয় প্রতিনিধি হিসেবে কাজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

স্বপ্নযাত্রা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান