 |
ঢাকা: শুরু হয়েছে বাঙালির প্রাণের মেলা, বইমেলা। গত বছর আমরা অনেক প্রিয় কিছু মানুষকে হারিয়েছি, তাদের অভাব এ বছরের বইমেলা খুব বেশি বোধ করবে। বইমেলার তপ্ত ধুলোবালি তাদের জন্য আর উড়বে না। মেলায় ঘুরতে ঘুরতে আমরা তাদের ছবি দেখবো, নাম দেখবো, পুরানো বইয়ের নতুন সংস্করণ দেখবো, আর ফেলবো দীর্ঘশ্বাস।
পুরানোরা হয়তো বিদায় নেন নতুনদের পা ফেলার জায়গা দেওয়ার জন্য। নতুনরাও তাদের ছাপ ফেলা পথ দেখে দেখে তৈরি করবে অন্য কোনো নতুন পথ। আর এক্ষেত্রে, সাহিত্যে নতুন পথ করার জন্য সব সময়ই এগিয়ে আসে ছোটকাগজগুলো।
পুরো বইমেলা কাভারেজ দেয় প্রতিটি প্রথম সারির পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো। অথচ লিটলম্যাগাজিন তাদের কাছে অনেকটাই ব্রাত্য। হয়তো সম্পূর্ণ মাসে কোনো পত্রিকার এক কোণে কদাচিৎ এক দিনের জন্য জায়গা পায় তারা। এক পলক দেখায় একটি চ্যানেল। তবু, বাংলা একাডেমীর দেওয়া বহেড়াতলার এক কোণে তারা পড়ে থাকে।
এবছর ৪২টি ছোট কাগজ মেলায় স্থান পেয়েছে। এগুলোর মধ্যে বহেড়তলায় চক্রাকারে বসার অনুমতি পেয়েছে ১৬টি কাগজ; বাকি ২৬টি কাগজ জায়গা পেয়েছে কাঁঠালতলায়।
কাঁঠালতলার আশ্রিত ছোট কাগজগুলোর মধ্যে শব্দগুচ্ছ, প্লাটফর্ম, অর্বাক, মত ও পথ, উলুখাগড়া, ময়মনসিংহ জং, ঊষালোকে, আগুনমুখা, কবিতাপত্র, কবি, কোরাস, দ্রষ্টব্য, অরণি, কবিতাসংক্রান্তি, শিড়দাঁড়া, সুনৃত, কৃষাণ, সাম্প্রতিক, শুদ্ধস্বর এবং নিসর্গ উল্লেখযোগ্য। এছাড়া কাঁঠালতলায় স্থান পেয়েছে ব্লগভিত্তিক ম্যাগাজিন শব্দতরী।
বহেড়াতলার উল্লেখযোগ্য ছোট কাগজগুলোর মধ্যে অনুভূতি, প্রকাশ, চারবাক, লিটলম্যাগ প্রাঙ্গণ, লোক, একবিংশ, পয়েট ট্রি, অদ্রি, কালের ধ্বনি, রোদ্দুর, শালুক এবং কবি ও কবিতা’র নাম উল্লেখ করা যায়।
বইমেলা উপলক্ষে ছোটকাগজগুলোর অনেকেই নতুন সংখ্যা এনেছে। আরও অনেকে আনবে। নতুন সংখ্যা এনেছে কবি, প্লাটফর্ম, দ্রষ্টব্য, অরণি এবং প্রকাশ। অন্যরাও বইমেলার মধ্যেই নতুন সংখ্যা মেলায় আনবে। স্টল পায়নি এমন কিছু ছোট কাগজও এবার মেলায় এসেছে। কিছু কাগজ যাত্রা শুরু করলো এবার। নতুন কাগজগুলোর মধ্যে এবং নির্ণয়, আড়াইসিধা ও অনুপ্রাণন-এর নাম উল্লেখ্য। এর মধ্যে অনুপ্রাণন ও আড়াইসিধা দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হলো।
দুঃখের ব্যাপার হলো, এবার মেলায় কিছু কাগজ স্টল পেয়েও এখনো আসেনি। কিছু কাগজ অনিয়মিতভাবে আসছে। আবার গাণ্ডীব-এর মত কিছু কাগজ এবার মেলায় অনুপস্থিত। অবশ্য অধিকাংশের কাছে ছোট কাগজগুলো বাড়ির বিমাতার মেয়ের মতো। পরিচয় বললে মেয়েই বলতে হয়। কিন্তু পারতপক্ষে মেয়ে বলতে একটু দ্বিধাবোধ থাকে। যদিও ছোট কাগজগুলো সাহিত্যের শিকড়। আশা করা যায় এখানে সবাই শুধু আড্ডা দিতে আসবেন না, মাঝে মাঝে পৃষ্ঠা উল্টেও দেখবেন। প্রিয় সন্তানটিকে একটি সংখ্যা কিনে দেবেন— এটুকুই প্রত্যাশা।
সম্পাদনা: তানিম কবির ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৩