সাতক্ষীরা: সাতক্ষীরা পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রাত ১২টায় শহরে মাইকিং করে এ আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয় শুক্রবার ভোর ৬টা থেকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত সাতক্ষীরা পৌর এলাকার মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে।
সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জামায়াত নেতা সাঈদীর ফাঁসির আদেশের পর থেকে সাতক্ষীরা জেলা ব্যাপী সহিংসতা শুরু করে জামায়াত।
বিকেলে জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং করে যার যা আছে তা নিয়ে শহরের অদুরে কদমতলা এলাকায় জড়ো হতে নির্দেশ দেওয়া হয়।
পরে সেখান থেকে তারা শহরে আসার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়।
এতে কম পক্ষে ৭ জন নিহত এবং ২০/২৫ জন আহত হয়। জামায়াতের নতুন কোনো বিশৃঙ্খলা এড়াতে শুক্রবার ভোর ৬টা থেকে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর