 |
| ছবি : নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: বৃহস্পতিবার রাতে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কূটনৈতিক এলাকাসহ স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবির পাশাপাশি পুলিশের সাঁজোয়া যান এপিসি দিয়ে টহল দিচ্ছে পুলিশ। বিভিন্ন জায়গায় চলছে গাড়ি তল্লাশিও। বিজিবি পুলিশের পাশাপাশি র্যাবকেও টহল দিতে দেখা যাচ্ছে।
যুদ্ধাপরাধের দায়ে বৃহস্পতিবার জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় ঠেকাতে ও সাঈদীর মুক্তির দাবিতে জামায়াত সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।
রায়ের পরে সারা দেশে তাণ্ডব ও পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় জামায়াত-শিবির। এতে মারা গেছেন ৫ পুলিশসহ অন্তত ৪৭ জন।
এরই প্রতিবাদে রোববার ও সোমবার হরতালের ডাক দিয়েছে মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী দলটি।
সারা দেশে নৈরাজ্য ও হরতালকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই রাজধানীর নিরাপত্তা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব)। রাজধানীর কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত বারিধারাতে বিজিবির কড়া টহল লক্ষ্য করা গেছে।
বিশেষ করে কয়েকটি প্রবেশ পথে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি শক্ত অবস্থান নিয়ে আছে। বিভিন্ন গাড়িতে তল্লাশি করা হচ্ছে। রাজধানীর রাতে নিরাপত্তা টহলের জন্য ১৮ প্লাটুন বিজিবি সদস্য মাঠে নামানো হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে থাকবেন।
এদিকে কূটনৈতিক এলাকা ছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্পটের মধ্যে হোটেল শেরাটন, সোনারগাঁওসহ গুলশান, বনানী, ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলামোটর, মগবাজার, মালিবাগ, শাজাহানপুর, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় পুলিশ ও র্যাব টহল দিচ্ছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মণ্ডল বাংলানিউজকে বলেন, রাতেও পর্যাপ্ত নিরাপত্তা হয়েছে। নাশকতা এড়াতে পুলিশ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩
আইএ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর