 |
| ছবি: আশিক / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: স্লোগানের ভিত্তিতে বিচার করে বিচার বিভাগকে ধ্বংস না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ প্রসঙ্গ টেনে তিনি একথা বলেন।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভি আই পি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনায় তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন।
‘জাতীয় সংকট নিরসনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক এই আলোচনা আয়োজন করে জাতীয় অল কমিউনিটি ফোরাম নামে এক সংগঠন।
মাহবুব বলেন, ‘‘রাস্তার স্লোগানের ওপর নির্ভর করে বিচার করা হলে বিচার বিভাগ রেখে কী লাভ? তাহলে শাহবাগে সবকিছু নিয়ে আসেন। এখানেই বিচার করুন, জনসমক্ষে ফাঁসি দিন।’’
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘ভেলকিবাজি বন্ধ করুন, এভাবে বিচার বিভাগকে ধ্বংস করবেন না। নইলে আবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে।’’
মাহবুব বলেন, ‘‘এসব দলীয় সাজানো নাটক। আওয়ামী লীগের সঙ্গে জামায়াত থাকলে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি হয়, আর বাইরে থাকলে হয় যুদ্ধাপরাধী।’’
তিনি বলেন, ‘‘তাদের বিচার আগে করেন নি কেন? যখন একসঙ্গে রাজনীতি করেছেন, তখন বিচার করতেন।’’
অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়ে মাহবুব বলেন, ‘‘তত্ত্বাবধায়ক সরকার এখন সবার দাবি। এ দাবি মানতেই হবে।’’
বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ.স.ম হান্নান শাহ।
আলহাজ্ব কামাল উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
এসকেএস/জেডএম