 |
ঢাকা: স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘মানুষ’-এর আয়োজনে শনিবার ইসলামী ব্যাংক ১ম “মানুষ জাতীয় আন্তঃকলেজ স্বাস্থ্য বিতর্ক প্রতিযোগিতা-২০১৩” অনুষ্ঠিত হয়েছে।
সাউথইস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের বিতর্ক পরিচালনায় তিন দিনব্যাপী এ স্বাস্থ্য বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, এমপি।
প্রতিযোগিতার উদ্বোধন করেন ‘মানুষ’- এর ব্র্যান্ড অ্যাম্বাসিডর চিত্রনায়ক রিয়াজ। মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
এ সময় অন্যদের উপস্থিত ছিলেন ‘মানুষ’-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান, টেকনিক্যাল উপদেষ্টা ডা. কাজী নওশাদ হোসেন, প্রেসিডেন্ট মাহবুবুল আলম প্রমুখ।
জাতীয় স্বাস্থ্য বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব তপন কুমার নাথ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দীন জসীম।
অনুষ্ঠানে ‘মানুষ’-এর প্রয়াত উপদেষ্টা বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব সুভাষ দত্ত, প্রয়াত ব্র্যান্ড অ্যাম্বাসিডর বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ-এর অবদান ও কৃতিত্বকে স্মরণ করে সম্মাননা “স্মৃতি স্মারক” প্রদান করা হয়।
সুভাষ দত্তের সম্মাননা “স্মৃতি স্মারক” গ্রহণ করেন তার বড় ছেলে শিবাজী দত্ত ও তারেক মাসুদের সম্মাননা “স্মৃতি স্মারক” গ্রহণ করেন তার ভাই তায়িব মাসুদ।
তিন দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশের ৩২টি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক স্বাস্থ্য সম্পর্কির্ত ৬টি ইভেন্টে অংশগ্রহণ করেন। মোট ৩২টি বিতার্কিক দল অংশগ্রহণ করে।
এতে চ্যাম্পিয়ন হয় ঢাকা কমার্স কলেজ। রানার আপ হয় রাইফেলস্ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
প্রতিযোগিতার শেষে সব প্রতিযোগী ও স্বেচ্ছায় রক্তদানকারীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির বলেন, “স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘মানুষ’ এর আয়োজনে তরুণ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষে দেশে এই প্রথম স্বাস্থ্য বিতর্কের আয়োজন করা হয়েছে। পরবর্তীতে ৬৪ জেলার ৬৪টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করার আহ্বান জানাই।”
সাউথইস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন বলেন, “স্বাস্থ্য রক্ষার এই আয়োজন শিক্ষার্থীদের আরও বেশি স্বাস্থ্য সচেতন করে তুলবে। বাংলাদেশের ১ম স্বাস্থ্য বিতর্ক প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ভেন্যু পার্টনার সাউথইস্ট ইউনিভার্সিটি, আয়োজক-স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘মানুষ’, সহযোগিতা করেছে, ডিবেট ফর হিউম্যানিটি (ডিএফএইচ), সাউথইস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব।
বাংলাদেশ সময়: ১৯৩০, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
আইএইচ/সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর