ঢাকা : জামিন পেয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২০ জন নেতাকর্মী। পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা ভাঙচুর, ককটেল বিস্ফোরণসহ ৭টি মামলায় বুধবার হাজির হয়ে জামিন প্রার্থনা করেলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রেজা রিপন ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।
সম্প্রতি ওই নেতা-কর্মীরা হাইকোর্টে হাজির হয়ে তাদের বিরুদ্ধে দায়ের করা ৭টি মামলায় জামিন চাইলে হাইকোর্ট তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে বলেন। সে অনুযায়ী বুধবার তারা ২৬ নম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন চান।
আদালত আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে জামিন মঞ্জুর করেন।
বাংলদেশ সময় : ১২৫৬ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এমএম/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর