 |
গণজাগরণ চত্বর থেকে: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এ পর্যন্ত যতোজন শহীদ হয়েছেন, তাদের স্মরণে শাহবাগের গণজাগরণ চত্বরে ‘প্রজন্ম স্তম্ভ’ স্থাপন করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় এ স্তম্ভের উদ্বোধন করবেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান আইচ সরকার।
‘প্রজন্ম স্তম্ভ’র রূপকার মুন্সি নজরুল ইসলাম সুজন। সন্ধ্যায় সবার উপস্থিতিতে এ স্তম্ভের উদ্বোধন করা হবে।
এ সময় গণজাগরণ চত্বরের গণআন্দোলনের অন্যতম অগ্রপথিক আহমেদ রাজীব হায়দার শোভনকে স্মরণ করা হবে।
কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরের গণআন্দোলনের সোমবার ১৪তম দিন। এ আন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে প্রবাসেও। নানা শ্রেণি-পেশার মানুষ এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। প্রতিদিনই বাড়ছে এ গণজোয়ারে আসা মানুষের সংখ্যা।
কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ মোড়ে এ বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ গণআন্দোলনে যোগ দেন। গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় মহাসমাবেশ। ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাগরণ সমাবেশ। উভয় সমাবেশেই যোগ দেয় লাখো জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com