 |
| ছবি : কাশেম হারুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: বাণিজ্য মেলায় মাসের শেষ শুক্রবার সকাল ও দুপুরের পর উপচে পড়া ভিড় দেখা গেছে। মেলার সবগুলো প্রবেশপথ ও সড়কে এ কারণে যানজট দেখা গেছে। নতুন লোকের সঙ্গে আগে মেলায় এসেছেন এমন অনেকেও মেলায় এসেছেন পছন্দের ও প্রয়োজনের কেনাকাটা সেরে নিতে।
রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরে ১ জানুয়ারি শুরু হয়েছে ১৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ মেলা শেষ হবে ৩১ জানুয়ারি। তাই শেষের দিকে এসে বিক্রি ভালো বলে জানালেন ব্যবসায়ীরা। আর ২৫ জানুয়ারি মাসের শেষ শুক্রবার হওয়ায় এ জন্য ব্যবসায়ীদেরও আলাদা প্রস্ততি ছিলো।
ঈদে মিলাদুন্নবীর কারণে অন্য শুক্রবারের চেয়ে এদিন দুপুরে ভিড় কম ছিলো। তবে বিকেলে অন্য শুক্রবারের ভিড়কে ছাড়িয়ে গেছে। সবগুলো টিকেট কাউন্টারে সারিবদ্ধ মানুষের সারি দেখা গেছে।
গাড়ি পার্কিং মেলার পাশের সবগুলো জায়গা পুরণ হয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে নতুন করে পার্কিং করছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের মোড়ে ব্যাপক যানজট দেখা দিয়েছে।
নারায়ণগঞ্জ থেকে সকাল ৯টার ট্রেনে ঢাকা এসেছেন রাবেয়া বসরী মেঘা। তিনি বলেন, “মেলার প্রথম সপ্তাহে এসেছিলাম। সে সময়ে টুকটাক কিছু কেনা হলেও বেশ কিছু বাকি ছিলো। আজ বন্ধু বান্ধবরা সবাই একসঙ্গে কেনাকাটা করছি।”
মেলার ৯ নম্বর প্যাভিলিয়নের ১ নম্বর স্টলের নাটোর ফুড অ্যাগ্রো অ্যান্ড প্লাস্টিকস লিমিটেডের স্টল ইনচার্জ আশরাফুজ্জামান নাঈম বাংলানিউজকে বলেন, “এখন মেলার শেষ সময়। তাই বিক্রিও বেশি। মেলার শুরুতে দর্শনার্থী বেশি ছিলো কিন্ত বিক্রি কম ছিলো। এখন দর্শনার্থী ও বিক্রি দুটোই বেশি।”
পাশে চিত্রা অর্গানিক ফুডের সিইও শাহজাহান শাহীম বাংলানিউজকে বলেন, আজ শেষ শুক্রবার হওয়ায় প্রচণ্ড ভিড়। আমাদের বিক্রি শুরু থেকেই ভালো ছিলো। এখন আরও বেড়েছে। আসলে মানুষ স্বাস্থ্যকর ও অর্গানিক খাদ্যের প্রতি ঝুঁকছে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা খোলা থাকে। টিকেটের দাম ২০ টাকা।
পাশেই প্লাস্টিক মেলা
বাণিজ্য মেলার পাশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ৪ দিনব্যাপী প্লাস্টিক মেলা। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এতে অংশ নিয়েছে বিভিন্ন দেশের ৩৫০টি কোম্পানি। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।
এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ)। এ মেলায় সব ধরনের প্লাস্টিক পণ্যের দেখা মিলবে।
শুক্রবার পাশাপাশি দুটো মেলাতে জমজমাট অবস্থা দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
এমআইআর/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর