রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ শূন্য থাকা প্রশাসনিক শীর্ষ তিনটি পদ পূরণের আবেদন জানিয়ে রাবি আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বরাবর চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
রোববার বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন এবং সিন্ডিকেটের শিক্ষক প্রতিনিধিদের নিয়ে সমিতির জরুরী বৈঠক থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন সমিতির সভাপতি অধ্যাপক মু. আজহার আলী।
তিনি আরো জানান, সভায় দীর্ঘ ২০ দিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের মত শীর্ষ পদগুলি শূন্য পড়ে থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং উচ্চ-শিক্ষার্থে বিদেশ গমন বন্ধ হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
তিনি জানান, প্রশাসনিক শূন্যতার কারণে বিশ্ববিদ্যালয়ের অতি জরুরী বিষয়সমূহ, যেমন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণের চিকিৎসার্থে বিদেশ গমন কিংবা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রীপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদানের মত গুরুত্বপূর্ণ কাজও বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে সভায় আলোচনা হয়।
এ মতাবস্থায় সভায় সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলি পূরণে ত্বরিৎ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় রাষ্ট্রপতি ও আচার্য মহোদয়ের নিকট জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি সরকার রাবির ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুস সোবহানকে উপাচার্য, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল্লাহকে উপ-উপাচার্য এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুর রহমানকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন চার বছরের জন্য। সে অনুযায়ী যোগদানের দিন থেকে ২৫ ফেব্রুয়ারি তাদের মেয়াদ শেষ হয়। এর পর কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর