 |
রাজশাহী: রাজশাহীতে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।
সকাল পৌনে ৭টা পর্যন্ত মহানগরীর কোথাও কোনো অপ্রীতীকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতাল চলাকালে মহানগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন বিপণী বিতানসহ দোকান-পাট বন্ধ রয়েছে। তবে কোনো বাধা ছাড়াই রাজশাহী রেল স্টেশন থেকে বিভিন্ন রুটের আন্তঃনগর ও লোকাল মেইল ট্রেনগুলো যথা সময়ে ছেড়ে যাচ্ছে।
এদিকে, হরতালে যে কোনো ধরনের নাশকতা এড়াতে ভোর থেকেই শহরজুড়ে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, কুমারপাড়া, আলুপট্টি, মণিচত্বর, সোনাদিঘীর মোড়, গৌরহাঙ্গা, বিনোদপুর, তালাইমারী, ভদ্রা, বাস টার্মিনাল, লক্ষ্মীপুর, কোর্ট, কাশিয়াডাঙ্গা বাইপাস, শালবাগান, নওদাপাড়াসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এছাড়া বিভিন্ন ইউনিটে বিভক্ত হয়ে নিয়মিত টহল দিচ্ছে পুলিশ ও ৠাব।
আরএমপি পুলিশ কমিশনার এস.এম মনির-উজ-জামান বাংলানিউজকে জানান- হরতাল শুরুর আগ থেকেই মহানগরীজুড়ে পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে।
হরতালের নামে কাউকে নাশকতা চালানোর সুযোগ দেওয়া হবেনা বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘন্টা জানুয়ারি ৩১, ২০১৩
এসএস/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর