৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:৩৮ পিএম BDST banglanew24
16 Oct 2011   11:48:48 AM   Sunday BdST
E-mail this

বিনিয়োগকারীদের আমরণ অনশন অব্যাহত, রাজনীতিকদের সংহতি


সোহেল রহমান ও নজরুল ইসলাম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিনিয়োগকারীদের আমরণ অনশন অব্যাহত, রাজনীতিকদের সংহতি
ছবি: শেয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদ জানিয়ে আমরণ অনশন শুরু করেছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। অনশনের সময় বেশ কয়েকজনের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনশনরত বিনিয়োগকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। রোববার তারা সশরীরে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

পর পর দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ব্যাপক দরপতন হয়। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক কম ১৮১ ও সিএসইতে ২৬৫ পয়েন্ট।

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরানোর দাবিতে ডিএসইর মূল ফটকের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। এদের মধ্যে চারজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে থেকে তিনজনকে স্যালাইন দেওয়া হচ্ছে। অন্যজনবেক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ ব্যক্তিরা হচ্ছেন, মো. রুবেল মিয়া (৩২), জাহাঙ্গীর আলম মো. আনোয়ার হোসেন ও সালেহা বেগম। সালেহা বেগমকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিনিয়োগকারীদের এ কর্মসূচিতে দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সেখানে উপস্থিত হন। এখানে এরশাদ বলেন, ‘শেয়ারবাজার ধসের কারণে জাতীয় অর্থনীতি আজ বিপর্যস্ত। যারা শেয়ারবাজার লুটপাট করেছে, তারা সকলেরই পরিচিত। তাদের আমরা চিনি, আপনারাও চেনেন, সবাই চেনে।’ আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেন এরশাদ।

বিনিয়োগকারীদের অনশন প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা বিনিয়োগকারী, আপনারা এভাবে মরতে পারেন না, আমরণ অনশন প্রত্যাহার করুন। আপনাদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো এবং সর্বাত্মক চেষ্টা চালাবো।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের মধ্যে এক কোটি ভোটার। এদের ধরে রাখতে হবে।’

ড. মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই শেয়ারবাজারের বিপর্যয় ঘটে। এবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমরা তখন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) সতর্ক করেছিলাম, এবারও যাতে শেয়ারবাজারে কোনো বিপর্যয় না ঘটে। কিন্তু এসইসি আমাদের কথা শুনে নাই।’

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। পুঁজিবাজারে কারসাজি চক্রের সঙ্গে জড়িতদের বিচার করা হবে। একই সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে।

এছাড়াও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা সাজ্জাদ জহির চন্দন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) নেতা আবদুল মালেক রতন বিনিয়োগকারীদের অনশন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন।

এছাড়া লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান, এলডিপির যুগ্ম-মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, দৈনিক শেয়ারবিজের প্রধান সম্পাদক মঞ্জুর সাদেক খোশনবীশ সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছেন।

বিনিয়োগকারীরা জানান, ইতিমধ্যে রাশেদ খান মেনন এমপি, বিজিএমইর নেতাদের সঙ্গে তাদের কথা বলেছেন। তারা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

অনশনস্থলে উপস্থিত হয়ে জাসদ নেতা আ স ম আব্দুর রব বলেছেন, ‘ক্ষমতায় থাকা মানে দায়িত্ব পালন করা, কিন্তু এ সরকারের কোনও দায়িত্ব নেই। এ সরকার দায়িত্বহীন।’
 
তিনি বলেন, ‘সরকারের অদক্ষতা ও অসহযোগিতার করণেই পুঁজিবাজারের আজ এ অবস্থা। বর্তমান সরকার চাটুকার পরিবেষ্টিত।’ তিনি চাটুকারদের ছেড়ে বিনিয়োগকারীদের পাশে এসে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘একজন বিনিয়োগকারীও যদি মারা যায় তবে সেই লাশ নিয়ে আমরা গণভবনে যাব। প্রধানমন্ত্রীকে তিনি অ্যাম্বুলেন্স ও ডাক্তার পাঠানোর আহ্বান জানিয়ে বলেছেন, কোনো রকম দুর্ঘটনা যদি ঘটে তবে তার জন্য প্রধানমন্ত্রী নিজেই দায়ী থাকবেন।’

রোববার লেনদেনের শুরুতে ডিএসই ও সিএসইর সূচক পড়ে যায়। লেনদেনের প্রথম আধঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক কমে ৪২ ও সিএসইতে ১৯ পয়েন্ট। আড়াইঘণ্টা শেষেও এর ধারা বজায় ছিল। এ সময়ে ডিএসইতে কমে ১৪৬ ও সিএসইর ১২৩ পয়েন্ট। সাড়ে তিনঘণ্টা শেষে ডিএসইর সূচক কমে ১৬৮ ও সিএসইতে ১৫৩ পয়েন্ট। এভাবে দিনভর সূচক কমা অব্যাহত ছিল।
 
অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের টানা বিক্ষোভের মুখে গত বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করে নিয়ন্ত্রক সংস্থা এসইসি। এতে বাজার স্থিতিশীলতায় বেশ কিছু সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। এর প্রভাবে বাজার দুদিন উর্ধ্বমুখী থাকে। বুধবার ডিএসই ও সিএসইতে ৬৬ পয়েন্ট করে সূচক বেড়ে লেনদেন শেষ হয়। এর ধারাবাহিকতায় গত সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর ২০৮ ও সিএসইর ৩৩৩ পয়েন্ট সূচক বাড়ে।

গত বছরের ২১ জানুয়ারি ডিএসইর সাধারণ সূচক সর্বনিম্ন ৫০৯৫ পয়েন্টে অবস্থান করার পর বুধবার সাড়ে ১১টায় দ্বিতীয় সর্বনিম্ন ৫ হাজার ১৩৯ পয়েন্টে নেমে এসেছিল।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক কমে ১৯৪ ও সিএসইর ৩৩৫ পয়েন্ট। সোমবার উভয় বাজারে যথাক্রমে ১৪ ও ৫০ পয়েন্ট কমে। এর ধারবাহিকতায় মঙ্গলবারও ব্যাপক দরপতন হয়। এদিন ডিএসইর সূচক কমে ২২৫ ও সিএসইর ৩৮৭ পয়েন্ট।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হয় ২৬৩টি প্রতিষ্ঠানের। এর মধ্যে ১১টিরই দাম বেড়েছে, কমেছে  ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে দুইটি প্রতিষ্ঠানের দাম। এদিন ডিএসইর সাধারণ সূচক ১৮১ পয়েন্ট কমে নেমে যায় ৫ হাজার ৩৮৭ পয়েন্টে।

মোট লেনদেন হয়েছে ২৫৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে, সিএসইতে ১৭৭টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। এর মধ্যে ৫টির দাম বেড়েছে, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের দাম। পাশাপাশি সিএসইর সাধারণ সূচক ২৬৫ পয়েন্ট কমে পৌঁছেছে ৯ হাজার ৬৮৯ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান