ব্রাহ্মণবাড়িয়া: সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জেলার নবীনগর পৌর এলাকার ভোলাচংয়ে বেশ কয়েকটি অটোরিকসা ও দোকান ভাঙচুর করেছে জায়ামাত-শিবিরের কর্মীরা।
এসময় তারা উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শিবশংকর দাসের বাড়িতেও হামলা চালিয়ে শিবশংকর দাসের বাড়ির প্রধান ফটক ভেঙ্গে ফেলে ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরে স্থানীয় লোকজন জায়ামাতের এক কর্মীকে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জামায়াতের কর্মীরা শিব শংকরের বাড়িতে হামলা শেষে ভোলাচং বাজারের কয়েকটি দোকানে হামলা করে। পরে তারা বাজারের পাশের সড়কে কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকসাও ভাঙচুর করে। এ সময় স্থানীয় জনগণ তাদের ধাওয়া করে একজনকে ধরে পিটুনি দেয়।
অ্যাডভোকেট শিব শংকর দাস মুঠোফোনে বাংলানিউজকে জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। হামলাকারীরা তার বাড়ির গেইট ভাঙচুর করে। এক পর্যায়ে দোকানে হামলা শুরু করলে স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তোলে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, নবীনগর পৌর সদরে কোনো মিছিল-সমাবেশ করেনি জামায়াত-শিবির কর্মীরা। ভোলাচং এলাকায় হঠাৎ মিছিল বের করে দু-তিনটি অটোরিকসা ভাঙচুর করে। স্থানীয় জনতা একজনকে ধরে মারধর করলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, মার্চ ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর