 |
ঢাকা: যেকোনো সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর সন্ত্রাসীরা হামলা চালাতে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান অ্যাডমিরাল (অব.) ডেনিস ব্লেয়ার।
ব্লেয়ার বলেন, “সন্ত্রাসীরা মনুষ্যবিহীন ড্রোন বিমান ও মিসাইল হামলা চালিয়ে ওবামাসহ অন্যান্য মার্কিন নেতাকে হত্যা করতে পারে।”
ব্লেয়ারের বক্তব্যের উদ্বৃতি দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, “প্রযুক্তি নির্ভর ড্রোন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সন্ত্রাসী দমনে ড্রোন বিমানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্রাতিরিক্তি নির্ভরতা উল্টো ফলাফল বয়ে আনতে পারে।”
একটি সংবাদ সম্মেলনে ব্লেয়ার বলেন, “আল কায়েদার জঙ্গীরা যদি ড্রোনের ব্যবহার জানতে পারে, তবে তাদের প্রথম চিন্তা হবে মার্কিন প্রেসিডেন্ট ও দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হত্যা করা।”
এ ধরনের সম্ভাব্য হামলা ঠেকাতে গোয়েন্দা সংস্থাকে করণীয় নির্ধারণের আহবান জানিয়ে ব্লেয়ার বলেন, “যদি ড্রোনের ব্যবহার সন্ত্রাসীরা জেনেই যায় তবে যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে। কারণ, সন্ত্রাসীরা যেকোনো ভাবে মার্কিন রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করবে। ”
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় যেকোনো ধরনের সন্ত্রাসী হামলা ঠেকাতে ব্যাপক নজরদারি থাকলেও সাবেক গোয়েন্দা প্রধানের এ ধরনের উদ্বেগ মার্কিন প্রশাসনকে নড়েচড়ে বসার সতর্কতা দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশ সময় : ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com