সিলেট: পাকিস্তানের মনোভাব নিয়ে বাংলাদেশে কোনো দলের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেন কৃষক-শ্রমিক-জনতা লীগের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
সোমবার রাতে সিলেটে কৃষক-শ্রমিক-জনতা লীগের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জামায়াত নিষিদ্ধ করতে হলে তা জনতার মধ্য থেকে দাবি আসতে হবে। সরকারের একজন মন্ত্রীও ইতোমধ্যে বলেছেন জামায়াত নিষিদ্ধ করা এতো সোজা নয়।”
সরকারের কড়া সমালাচনা করে কাদের সিদ্দিকী আরো বলেন, “কোনো রাজনৈতিক নেতার গুম গণতান্ত্রিক ব্যবস্থায় কারো জন্য কাম্য নয়। সরকার কোনোভাবেই এর দায় এড়াতে পারবেনা। ইলিয়াস আলীর মতো এতো বড় একজন রাজনীতিক গুম হওয়ার পর সরকারের অবস্থান অত্যন্ত দুঃখজনক।
ইলিয়াসের খোঁজ দিতে না পারলে সরকারের পদত্যাগ করা উচিত।”
শাহবাগে তরুণ প্রজন্মের গণজাগরণ নিয়ে কাদের সিদ্দকী বিরূপ মন্তব্য করলে উপস্থিত একজন সাংবাদিক তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কাদের সিদ্দিকী বলেন, “তরুণদের জোর করে ধরে নিয়ে আন্দোলন চাঙ্গা করার নাম প্রকৃত আন্দোলন নয়।”
তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, “নিহত ব্লগার রাজিবের বাসায় গিয়ে জামায়াত নিষিদ্ধ করার কথা বললেন কিন্তু বিশ্বজিতের বাসায় গিয়ে ছাত্রলীগ নিষিদ্ধের কথা বললেন না কেন?”
এর আগে তিনি সিলেটের উন্নয়নের রূপকার প্রয়াত অর্থমন্ত্রী সাইফুরের রহমানের কথা স্মরণ করেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী মতবিনিময়ের আগে হজরত শাহ জালাল ও শাহপরাণ (র.) মাজার জিয়ারত করেন।
মতবিনিময় অনুষ্ঠানে কাদের সিদ্দীকির সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, কৃষক-শ্রমিক-জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, অ্যাডভোকেট মনমোহন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর