৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:১৭ এএম BDST banglanew24
17 Mar 2013   08:40:42 AM   Sunday BdST
E-mail this

কাঁদছে হাতিমারা গ্রাম


মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কাঁদছে হাতিমারা গ্রাম
ছবি: মোশারফ /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা, মনোহরগঞ্জ থেকে: অন্য দিনগুলোর মতো সকাল হয়নি কুমিল্লার মনোহরগঞ্জ থানার হাতিমারা গ্রামের। যে শিশুদের কোলাহলে গ্রামের ঘুম ভাঙত, সেই শিশুদের জন্যে কাদঁছে গ্রাম।

রোববার সকালে পূবের সূর্যের সঙ্গে বেরিয়েছে হাতিমারা গ্রামবাসীও। তবে আজ সুর করুণ, ফুটফুটে শিশু সন্তানদের হারিয়ে গ্রামটি কাদঁছে।

শনিবার মনোহরগঞ্জের নাথুরপেটুয়া বাজারের পাশেই এক ঘাতক ট্রাক কেড়ে নেয় এ গ্রামের ৮টি কোমল প্রাণ। বেপরোয়া ট্রাকের ধাক্কায় স্কুল ভ্যান উল্টে সেখানে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে গ্রামের নিষ্পাপ শিশুরা। এরা সবাই নাথুরপেটুয়া মডার্ন একাডেমির শিক্ষার্থী ছিল।

ভোর ছ’টায় নাথেরপেটুয়া বাজার থেকে মাত্র দেড়শ’ মিটার দূরেই জমির পাশে দাঁড়িয়ে ছিলো ভগ্ন হৃদয়ের গ্রামবাসী। নোয়াখালি রোডের পশ্চিম পার্শ্বে জমিতে পড়ে থাকা ট্রাকটিতে তখনো আগুন জ্বলছে। শোভা, হৃদয়, শুভ’র খেলার সাথীরা দাঁড়িয়ে আছে। সবার চোখ ছলছল।monohorganj-bg

অনেকে স্থির দৃষ্টিতে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে পোড়া ট্রাকটির দিকে, ভেঙে চুরমার হয়ে যাওয়া স্কুল ভ্যানটির দিকে। আবার বিলাপ বকছেন অনেক গ্রামবাসী। কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে, এমন মর্মান্তিক ঘটনা একজন ট্রাক চালক কিভাবে ঘটায়?! তাদের আকুতিঝরা প্রশ্ন। সঙ্গে ট্রাক চালককে বকাঝকাও করছেন তারা।

হাতিমারা গ্রামের বাসিন্দা ৬০ বছরের আবু জাফরও দাঁড়িয়ে চোখের পানি মুছছিলেন।

কথা বলতে কণ্ঠ ভারী হয়ে আসে তারা। তিনি বাংলানিউজকে বলেন, “যে শিশুগুলো গতকাল হাসতে হাসতে স্কুলে গেলো, তারা আজ কবরে। এই কষ্ট গ্রামবাসী কেমনে সয়।”

আবু জাফর বলেন, “বাদশা মিয়া ফোরম্যান বাড়ির তিনটি শিশুই আজ নেই। নেই ভূঁইয়া বাড়ির ১ শিশু, মজুমদার বাড়ি ১ শিশু, সেয়ার বাড়ি আর আইয়ুব আলী মাস্টারের বাড়িতেও সন্তান হারানোর কান্না।”

গ্রামের সব বাড়িতেই আজ কান্না আর কান্না।

নোয়াখালী রোড ধরে উত্তর দিকে আরো দু’শ মিটার এগোলেই হাতের বামে হাতিমারা পূর্বপাড়া ঈদগাহ, রয়েছে ঈদগাহ সংলগ্ন মসজিদ।
shova
এ মসজিদের পাশ দিয়ে একশ’ হাত গেলেই মজুমদার বাড়ি। মসজিদের পাশের কবরস্থানে নতুন একটি কবর। আগের সন্ধ্যাতেই দেওয়া হয়েছে বড়ই গাছের ডাল।

‘মাবুদ, ও মা, ও মা, আইঁও মরি যাইয়াম’ (আমিও মারা যাব) কবরের পাশে দাঁড়িয়ে ঢুঁকরে কাঁদছেন সবুজ পাঞ্জাবি পরা শোভার বাবা জহুরুল ইসলাম।

পাশে দাঁড়িয়ে চোখ মোছেন জহুরুলের চাচাতো ভাই শাহ আলম। তিনি বাংলানিউজকে বলেন, “জহুরুলের ২ মেয়ের মধ্যে বড় মেয়ে ছিল জান্নাতুল মাওয়া শোভা। সাত বছর বয়সী শোভা নার্সারিতে পড়তো।”

বাক্য শেষ না হতেই ঢুঁকরে ওঠেন তিনিও, “এতো সোন্দর মাইয়্যারে মারি হালাইছে।”

তিনি জানান, “শোভার বাবা জহুরুল সৌদি প্রবাসী। এক মাস হলো ছুটিতে এসেছেন।”

জহুরুলকে বাড়ির ভেতরে নিতে চেয়েছেন চাচাতো ভাই শাহ আলম আর তাজুল ইসলাম বাবুল। মেয়ের কবর থেকে যেতে ইচ্ছে করে না জহুরুলের। কোরআন শরীফ হাতে নিয়ে মোনাজাত করেন বারবার।

জহুরুল গাছে মাথা ঠোকায়। কবরের পাশে বসে পড়ে আবারো, “আব্বারে...!’ বলে মেয়ের ডাক শুনতে চান।

ঈদগাহ মাঠের পাশের দেয়ালে বসে কাজ করছিলাম। শনিবার এ ঈদগাহে পড়া হয়েছে নিহত শিশুদের জানাযা। রাস্তা ধরে উদভ্রান্তের মতো ছুটছে আর কান্না করছে লাল শার্ট আর লুঙ্গি পড়া এক যুবক। গ্রামবাসী বলেন, যুবকের নাম সেলিম মিয়া, চতুর্থ শ্রেণীর সুলতান আহমেদ স্বাধীনের বাবা। স্বাধীনকে হারিয়ে পাগলের প্রলাপ বকছেন তিনি।monohorganj-bg

কিছু দূর গেলে চাচাতো ভাই বাবুলকে ধরে হাউমাউ করে কাদঁতে শুরু করেন সুলতান। চাচাতো ভাই বাবুল বলেন, ‘হিজ্যা (সে) বিশ্বাস কইরতো চায় না, স্বাধীন মরি (মারা) গেছে।”

শোভা আর স্বাধীন ছাড়াও এ গ্রামের আরো নিহত শিক্ষার্থীরা হলো নাথেরপেটুয়া মডার্ন একাডেমির প্লে গ্রুপের ছাত্র হাসিবুল হাসান নিহাদ (৭), একই শ্রেণীর রাকিব হোসেন শুভ (৭), মোক্তাকিম হাসান হৃদয় (৭), আতিকুর রহমান আল আমিন (৭), তৃতীয় শ্রেণীর নাসির উদ্দিন (১০) ও ফাহাদুল ইসলাম মিথুন (১০)।

আহাজারিই চলছে এখন হাতিমারা গ্রামে! বাবা-মার সন্তান ছাড়াও দুর্ঘটনায় নিহত শিশুরা এ গ্রামের কারো নাতি-নাতনি, কারো ভাইয়ের ছেলে, বোনের ছেলে, কারো ভাই-বোন আবার কারও খেলার সঙ্গী। তাই পুরো গ্রামজুড়েই শোক। এই শোকে কাদঁছে পুরো হাতিমারা গ্রাম!

বাংলাদেশ সময় : ০৮৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
এমএন/সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান