banglanews24.com Logo

ব্যাগভর্তি কাপড় আর পড়ার বই নিয়ে শাহবাগে মাসুদ

19 Feb 2013   11:34:01 AM   Tuesday BdST

জেসমিন পাঁপড়ি, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাহবাগের গণজাগরণ চত্বর থেকে: ‘টিভিতে খেলা দেখছিলাম। এর মধ্যে খবরে দেখলাম শাহবাগে অনেক মানুষ আন্দোলন করছেন। আব্বাকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন ‘যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন চলছে।’

‘তখনই ভেবেছি এখানে আসবোই। এরপর সময় করে গতকালই চলে এসেছি।’

শাহবাগের গণজাগরণ চত্বরের আন্দোলনে যোগ দিতে সাভার থেকে ছুটে আসা মাসুদ শিকদার বলছিল কথাগুলো। সাভার রুস্তমপুর হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র সে।

বাংলানিউজকে সে জানায়, শাহবাগে আসার কথা শুনে প্রথম দিকে আব্বা বলেছিলেন ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। কিন্তু পরে আর বাধা দেননি। আমার গুরুত্বপূর্ণ কোনো ক্লাসও নেই। এজন্য সোমবার দুপুরেই চলে এসেছি।

মাসুদ জানায়, আমি জীবনে কনো স্লোগান দেইনি। তবে এখানে আসার পর থেকে আন্দোলনকারীদের সঙ্গে একটানা স্লোগান দিচ্ছি। অন্য রকম করে কেটে গেছে সারাদিন। বুঝতেই পারিনি।

তবে একটানা স্লোগানে কিছুটা ক্লান্ত মাসুদ জানায়, তিন চারদিন থাকার মত কাপড় আর পড়ার বই সঙ্গে নিয়েই এখানে এসেছিল সে। কিন্তু ২০ তারিখের আগে তেমন কোনো কর্মসূচি না থাকায় কালই বাড়ি ফিরে যাবে সে। আবার ফিরবে ২০ তারিখ শহীদদের উদ্দেশ্যে বেলুন ওড়ানোর দিন।

তবে মঙ্গলবার সকালে এখানে নিহত ব্লগার ও কার্টুনিস্ট শান্ত’র জানাজা না পড়ে শাহবাগ ছাড়বে না বলেও জানায় সে।

বাবার কাছ থেকে ৫০০ টাকা আর ব্যাগ ভর্তি কাপড়, বই নিয়ে শাহবাগে হাজির হওয়া মাসুদ আরো জানায়, কোনো বন্ধু ছাড়াই এখানে চলে আসে সে। প্রথম প্রথম একটু বিচ্ছিন্ন আর একা একা লাগলেও কখন যে এই গণ মিছিলে মিশে গেছে বলতেই পারে না।

মাসুদ বলে, ‘‘বইয়ে রাজাকারদের কথা পড়েছি। তবে শাহবাগের স্লোগানের সঙ্গে আমিও একমত। রাজাকারদের অনেক বড় শাস্তি হওয়া উচিত।’’

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
জেপি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর  


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত