banglanews24.com Logo

ট্রাইব্যুনালকে ‘অবৈধ’ না বলার নির্দেশ

03 Feb 2013   03:48:18 PM   Sunday BdST

চিফ ল’ ও স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘অবৈধ’ না বলার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২। এ নির্দেশনা না মানা হলে অর্থাৎ ফের ‘অবৈধ’ বলে উল্লেখ করা হলে মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল মৌখিকভাবে এ আদেশ দিয়ে আদেশটি সংশ্লিষ্টদের জানিয়ে দিতে অনুরোধ জানিয়েছেন জামায়াত নেতাদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে।    

ট্রাইব্যুনাল একটি সংবাদপত্রে রোববার প্রকাশিত একটি প্রতিবেদনকে উদ্ধৃত করে এ আদেশ দেন, যে প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, জামায়াত-শিবির ট্রাইব্যুনালকে ‘অবৈধ’ বলে উল্লেখ করে বাতিলের দাবি জানিয়েছে।

ট্রাইব্যুনাল তার আদেশে বলেন, ‘‘রাজনৈতিক দল হিসেবে আপনারা ট্রাইব্যুনাল বাতিল চাইতে পারেন। কিন্তু সাংবিধানিক ও আইনানুগভাবে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘অবৈধ’ বলতে পারেন না। এ মন্তব্য আর না করতে নির্দেশ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কেউ ট্রাইব্যুনালকে ‘অবৈধ’ বলে উল্লেখ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

অ্যাডভোকেট তাজুল ইসলামকে সংশ্লিষ্টদের কাছে এ আদেশ পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে ট্রাইব্যুনাল বলেন, ‘‘আপনি এ বিষয়টি তাদের জানিয়ে দিন, যেহেতু আপনিও ট্রাইব্যুনালের একটি অংশ।’’  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
জেএ/এমএইচপি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর, জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর- eic@banglanews24.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত