banglanews24.com Logo

জীবন্ত মানুষের কবরে বসবাস!

13 Feb 2013   10:27:46 PM   Wednesday BdST

আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কবর মৃত মানুষের জন্য। যদি বলা হয় যে কবরে জলজ্যান্ত মানুষও বসবাস করে তাহলে কেমন বিস্ময়কর হবে ব্যাপারটা! হ্যাঁ, সার্বিয়ার ব্রাটিসলেভ স্টোজানোভিক নামের এক ব্যক্তি বসবাসের জন্য কবরকেই বেছে নিয়েছেন!

চারদিকে গাঢ় অন্ধকারে একলা মানুষ শুধু একটা মোমবাতি নিয়ে খোলা আকাশের নিচে শত শত কবরের মাঝে ঘুমিয়ে পড়েন! এটাই তার থাকার জায়গা!
 
স্টোজানোভিক পেশায় একজন নির্মাণ কর্মী ছিলেন। আগে একটি পরিত্যক্ত বাড়িতে থাকলেও গত পনেরো বছর ধরে শহরের একটি গণকবরে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

এমন বিস্ময়কর জীবন যাপন সম্পর্কে স্টোজানোভিক বলেন, আমার কাছে এটা খুবই স্বাভাবিক। আমার প্রয়োজনীয় জিনিসগুলো ডাস্টবিন এবং রাস্তা থেকে সংগ্রহ করতে হয়। অনেক কিছুই নেই তবে যা আছে তা যথেষ্টই মূল্যবান।

তিনি বলেন, “পরিত্যক্ত বাড়িতে আলোর ব্যবস্থা করতে মোমবাতি কুড়োনোর সময় একটি কবর দেখে হঠাৎ করেই মাথায় কবরে বাস করার চিন্তা খেলে যায়।”

প্রথমে খোলা জায়গাতেই ঘুমিয়ে পড়েন। কিন্তু পরে শীতের প্রকোপের কারণে কবরের ভেতরে ঢুকে পড়েন বলে লোমহর্ষক বর্ণনা দেন স্টোজানোভিক।
 
কবরগুলোকে দেখতে তেমন কেউ আসে না উল্লেখ করে তিনি জানান, “ছয় বছর আগে মাকে দেখেছি। বাবা মারা যাওয়ায় ছেলেবেলায় মা আমাকে ছেড়ে চলে গিয়ে ফের বিয়ে করেন।”

আবর্জনায় পরিপূর্ণ দুই গজেরও কম একটি সিমেন্টের কবর ও একটি পুরনো মাদুরের তৈরি বিছানাই এখন স্টোজানোভিকের সম্বল।

স্টোজানোভিক গর্ববোধ করে বলেন, “আমি ভিক্ষুক নই। প্রয়োজনীয় সবকিছুই রাস্তায় কুড়িয়ে পাই।”
তবে তিনি স্বীকার করেন, “যখন নতুন জামা গায়ে দিই তখন অনেক প্রশান্তি লাগে।”

গীর্জা স্টোজানোভিকের সবচেয়ে পছন্দের জায়গা। তবে কখনো গীর্জার ভেতরে ঢোকেন না তিনি।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
সম্পাদনা: সানজিদা সামরিন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত