|

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চুক্তি
18 Feb 2013 04:54:59 PM Monday BdST
সিনিয়র করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ইতালীয় কোম্পানি ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ফিন্যান্স এসআরএলের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার।
সোমবার সচিবালয়ে সরকারপক্ষে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোজাম্মেল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক এবিএম এনামুল হক, দক্ষিণের প্রশাসক আফসার আলী খান চুক্তিতে সই করেন।
ইতালীয় কোম্পানির পক্ষে সই করেন কো-চেয়ারম্যান বেলেজারিও কোসিমো।
এ সময় উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এনামুল হক, স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান।
চুক্তি সই অনুষ্ঠান থেকে জানানো হয়, এ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও পল্লী বিদ্যুতের সঙ্গে যোগ হবে।
এ প্রকল্প থেকে প্রাকৃতিক সার ও জ্বালানি হিসেবে ডিজেল উৎপাদন করা যাবে।
সভায় আরো জানানো হয়, এ প্রকল্পে সিটি করপোরেশন প্রতিদিন চার হাজার মেট্রিক টন বর্জ্য সরবরাহ করবে এবং জায়গা বরাদ্দ দেবে। পুরো প্রকল্পটি বাস্তবায়ন করবে চুক্তিতে স্বাক্ষরকারী ইতালিয়ান কোম্পানি।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানান, এই প্রকল্পে ইতালিয়ান কোম্পানি ৩০০ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করবে। প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি কিলোওয়াট ৮টাকা ৭৫ পয়সা দরে কিনবে সরকার। চুক্তি অনুযায়ী আগামী ২০ বছর পর্যন্ত উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশ ব্যবহার করতে পারবে। এই প্রকল্পের জন্য বাংলাদেশ কোনো বিনিয়োগ করবে না বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
নানক জানান, এ প্রকল্পে প্রথমে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরে দুটি প্রকল্পে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এই প্রকল্পে ২ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সভায় জানানো হয়, ঢাকা শহরে প্রতিদিন প্রায় ৫ হাজার মেট্রিক টন বর্জ্য জমা হয়। এ বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় ভূমি ও পরিবেশ দূষিত হচ্ছে। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।
বর্জ্যের এ দূষণ থেকে বাঁচতে জরুরিভাবে সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ প্রকল্প হাতে নেওয়া হয়।
বাংলাদেশ সময় : ১৬৩৭ ঘণ্টা, ফব্রুয়ারি ১৮, ২০১৩ এসএমএ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|