banglanews24.com Logo

‘তরুণরা জয় বাংলা স্লোগানে জাতিকে ঐক্যবদ্ধ করেছে’

14 Feb 2013   09:58:09 PM   Thursday BdST

পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংসদ ভবন থেকে: একাত্তরের চেতনায় ‘প্রজন্ম চত্বর’সহ সারাদেশে গড়ে ওঠা গণজাগরণের প্রতি একাত্মতা প্রকাশ করে মহাজোটের সংসদ সদস্যরা বলেছেন, দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের শক্তি এতোই প্রবল যে, কোনো ষড়যন্ত্রই এ আন্দোলনকে প্রতিহত করতে পারবে না। নতুন এই প্রজন্ম ‘জয় বাংলা’স্লোগান দিযে জাতিকে ঐক্যবদ্ধ করেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন।

আলোচনায় অংশ নেন এ এইচ এন আশিকুর রহমান, হুইপ শেখ আবদুল ওহাব, এস কে আবু বাকের, শাহিন মনোয়ারা হক, আবদুল ওয়াদুদ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সোলায়মান হক জোয়ার্দার  প্রমুখ।
 
এইচ এন আশিকুর রহমান বলেন, “বাংলাদেশে এরইমধ্যে নীরব বিপ্লব ঘটে গেছে। সারা বাংলাদেশে আজ নতুন প্রজন্ম জেগে ওঠেছে। বাংলাদেশ আজ সঠিক পথে চলছে এটাই প্রমাণিত হয়েছে। কোনো ষড়যন্ত্রই আজ মুক্তিযুদ্ধের চেতনা থেকে দেশকে বিচ্যুত করতে পারবে না। বাংলাদেশের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, এটা ধরে রাখতে হবে।”
 
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, “শাহবাগ চত্বরসহ সারাদেশে নব প্রজন্মের যে ঢেউ ওঠেছে, যুদ্ধাপরাধীদের কেউ রক্ষা করতে পারবে না। যে যতই ষড়যন্ত্র করুক, দেশের মাটিতে একাত্তরের ঘাতকদের বিচার হবেই।”

সোলায়মান হক জোয়ার্দার বলেন, “তরুন প্রজন্ম আজ জয় বাংলা স্লোগান দিয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছে। আমি তাদের স্যালুট জানাই। তাদের জোয়ারের কাছে দেশ থেকে রাজকাররা মুছে যাবে।”
 
শাহীন মনোয়ারা হক বলেন, “তরুণ প্রজন্মের উত্তাল তরঙ্গে ঢেউ আজ সারাদেশে আছড়ে পড়েছে। তরুণ প্রজন্মের চোখের ভাষায় মুক্তিযুদ্ধের দায় পরিশোধের অঙ্গীকার, দীপ্ত শপথ। কেউ তাদের ঠেকাতে পারবে না।”

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
এসএইচ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত