
হুসাইন আজাদ
জন্ম ফেনী সদর উপজেলার এক শান্ত-ছায়া সুনিবিড় গ্রামে। নাম উত্তর চাঁদপুর। বেড়ে উঠেছেন সেই গাঁয়েরই ধুলোবালি গায়ে মেখে। মফস্বল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পাঠ। উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর। শৈশব থেকেই সাহিত্যপাঠে আগ্রহ। সেই আগ্রহ পরিচয় করিয়ে দেয় লেখালেখির সঙ্গে। আর সাহিত্যচর্চাই নিয়ে আসে সাংবাদিকতার আঙিনায়। ২০১১ সালে দৈনিক যুগান্তরে প্রদায়ক হিসেবে কাজ শুরু করেন। পেশাদার সাংবাদিকতা শুরু ২০১২ সালের নভেম্বরে, অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে নিউজরুম এডিটর হিসেবে যোগদানের মধ্য দিয়ে। সেখানে টানা ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত কাজ করেন। মাঝে বছর চারেক ‘জাগোনিউজ২৪.কম’ ও ‘দৈনিক বাংলা’য় কাজ করে ২০২৩ সালের অক্টোবরে ফিরে আসেন চেনা ঘর বাংলানিউজে। এখানে এখন দায়িত্ব পালন করছেন বার্তা সম্পাদকের। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর জাতীয় দৈনিকগুলোতে লিখেছেন নিরলস। সম্পাদনা করেছেন ‘ডাক’ ও ‘তোরণ’ নামে দু’টি ছোট কাগজও। ২০১৭ সালের বইমেলায় একটি কবিতার বই বেরিয়েছে, নাম ‘অক্ষত আয়না’। অবসর পেলে বই পড়তে এবং বেড়াতে ভালো লাগে তার।

